বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্বকালে তিনি এই দিকনির্দেশনা দেন।
বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির বিদ্যমান অগ্রগতি এবং সারা দেশে ধাপে ধাপে তা বাস্তবায়নের কৌশলগত রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্যভাণ্ডার (ডাটাবেজ) গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জোর দিয়ে বলেন, প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে কোনো যোগ্য পরিবার বঞ্চিত না হয়।
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনের সঞ্চালনায় এবং শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই নীতি-নির্ধারণী বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আউয়াল এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্মাবৃন্দ।