শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনের আওতায় জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ জুলাই) পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে অবস্থান করছিলেন। দেশে ফেরার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিচারের জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, একই মামলায় গ্রেপ্তার হওয়া অন্য সহযোগীদের বিচার ইতোমধ্যে সামরিক আদালতে সম্পন্ন হয়েছে। সে সময়ের বিচারিক পর্যবেক্ষণ ও সিদ্ধান্তও রয়েছে। সেই ধারাবাহিকতায় মেজর মোজাফফরের বিচারও জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হওয়ার সম্ভাবনা রয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, একই মামলায় আগে যাদের দণ্ড দেওয়া হয়েছে বা মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাদের রায়ের আলোকে মেজর মোজাফফরের বিরুদ্ধে কোনো বিচারিক পর্যবেক্ষণ বা সিদ্ধান্ত রয়েছে কি না, সেটিও জেনারেল কোর্ট মার্শাল বিবেচনায় নেবে।
তিনি জানান, সেনাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে মিলিটারি অ্যাক্ট বা সেনা আইন প্রযোজ্য। একই মামলার অন্যান্য সহ-আসামিদের বিচারও ওই আইনের আওতায় হয়েছে। ফলে মেজর মোজাফফরের বিরুদ্ধেও সেনাবাহিনী তাদের নিজস্ব আইন ও বিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তবে মামলার কোনো অংশ যদি দেওয়ানি বা ফৌজদারি আদালতের এখতিয়ারভুক্ত হয়, তাহলে সেটি আইন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, একই ব্যক্তিকে একই ঘটনার জন্য দুটি পৃথক আইনে আলাদাভাবে বিচার করার সুযোগ নেই। তাই প্রচলিত আইন ও বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়াই অনুসরণ করা হবে।