৮ ধরনের পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই-এর

সরকার নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে নতুন করে অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ বন্ধ রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, নিয়মিত বাজার তদারকি ও পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের পর এসব পণ্য নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রত্যাখ্যানপত্র দেওয়া হয়েছে এবং বাজার থেকে পণ্যগুলো দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যাহারের তালিকায় রয়েছে ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচার এবং কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিম।

এ ছাড়া অলিভ বাংলাদেশের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, মোরিংগা ও মাচা ফোমিং মিল্ক ফেসওয়াশ, তুলসী শ্যাম্পু এবং অ্যালোভেরা শ্যাম্পুও প্রত্যাহারের তালিকায় রয়েছে।

ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভ্যারিয়েন্টের সফট ড্রিংকও বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বিএসটিআই জানায়, পরীক্ষায় এসব পণ্যে সরকার নির্ধারিত সীমার চেয়ে বেশি মাত্রায় ক্ষতিকর প্রিজারভেটিভ এবং অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে। এসব কারণে পণ্যগুলোকে মানসম্মত হিসেবে অনুমোদন দেওয়া সম্ভব হয়নি।

সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, নির্দেশনা অমান্য করে উৎপাদন, বিক্রি বা বিতরণ অব্যাহত রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে ভোক্তাদের পণ্য কেনার আগে বিএসটিআইর মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো পণ্যের মান, ভেজাল, প্রতারণা বা বিএসটিআইর মানচিহ্নের অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থাকলে দ্রুত সংস্থাটিকে জানাতেও অনুরোধ করেছে বিএসটিআই।