আদালতে মামলা দায়েরের আগেই বাধ্যতামূলক মধ্যস্থতা (প্রি-কেস মেডিয়েশন) কার্যক্রম বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের পাশাপাশি নতুন মামলা দায়ের উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। পাইলট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় দেখা গেছে, নির্দিষ্ট কিছু আইনে মামলা দায়েরের হার গড়ে ৬২.০২ শতাংশ হ্রাস পেয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ১০টি জেলায় আনুষ্ঠানিকভাবে মামলাপূর্বক বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
নতুন যুক্ত হওয়া জেলাগুলো হলো- বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল। ‘আইনগত সহায়তা দেওয়া (সংশোধন) আইন, ২০২৬’-এর বিধান অনুযায়ী জেলাগুলোতে নির্দিষ্ট ৭টি আইনের অধীনে মামলা দায়েরের আগে জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতা নিশ্চিত করতে হবে।
আইনমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। ২০টি জেলায় চালুর পর প্রাপ্ত তথ্যে দেখা যায়- পারিবারিক আদালতে মামলা ৫১%, বণ্টন সংক্রান্ত মামলা ৬৬.৯৭% এবং যৌতুক নিরোধ আইনের মামলা ৬৭.৭১% কমেছে। আদালতে মামলা দায়েরের প্রবাহ এভাবে কমানো গেলে এক বছরের মধ্যে দেশে বিচারাধীন মামলার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনা সম্ভব।
তিনি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আপসযোগ্য বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তির জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান। একই সাথে কক্সবাজারের এক লাখেরও বেশি বিচারাধীন মামলাজট নিরসনে আগামী তিন মাসের বিশেষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৩০ সেপ্টেম্বর পর্যালোচনার ঘোষণা দেন। মধ্যস্থতা কার্যক্রমে যেকোনো দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী জাইকা, জিআইজেড ও ইউএনডিপি-কে ধন্যবাদ জানান এবং প্রচারণায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।