আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকার বদ্ধপরিকর এবং সে লক্ষ্যেই সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ে সাফল্য অর্জনের ক্ষেত্রে সরকারের ব্যবসা-বান্ধব নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অর্থনীতিতে অনেক চ্যালেঞ্জ থাকলেও পাশাপাশি বিপুল সামর্থ্য ও সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে টেকসই, স্থায়ী এবং নিরাপদ বিদেশী বিনিয়োগ নিশ্চিত করা জরুরি।
বিনিয়োগ পরিবেশ সহজীকরণের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, সরকার ট্যাক্স ও ভ্যাট আদায় প্রক্রিয়া সহজীকরণ এবং সরকারি সেবাসমূহ পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সরকার গুরুত্ব দিচ্ছে। বক্তব্যের শেষে তিনি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।