রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় দেওয়া সব প্রতিশ্রুতি বিএনপি সরকার বাস্তবায়ন করবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষককার্ডসহ বিভিন্ন ধরনের কার্ড সুবিধা চালু করেছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ইরান-যুক্তরাষ্ট্র এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। একই সঙ্গে নতুন সরকার হিসেবে বিএনপি অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে সঠিক পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গণতন্ত্রের চর্চা ও লালনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সরকার কাজ করছে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতেও বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।