স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্ধারিত সময়ে তা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও জানান তিনি।
সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন এ বছরের শেষ দিকে আয়োজনের লক্ষ্য রয়েছে। তবে কোনো কারণে তা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার।
মির্জা ফখরুল বলেন, ‘এটা আমাদের করার কিছু নেই। এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন করবে। তবে স্থানীয় সরকারের বিষয়টি আমাদের মন্ত্রণালয়ের আওতায় থাকায় আমরা এ নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।’
তিনি এ সময় স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে দক্ষ জনবল তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।