বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতায় (ট্রাভেল অ্যাডভাইজরি) পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র সরকার।
দেশটি বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়ে এনেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর-এর মধ্যে ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকের পর এ ইতিবাচক অগ্রগতি আসে। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার (টেক্সট মেসেজ) মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি অবহিত করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রমণ সতর্কতার এই উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। একই সঙ্গে এ সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্ব ইতিবাচক ধারায় এগিয়ে যাওয়ারও ইঙ্গিত বহন করে।
সরকার মনে করে, ভ্রমণ সতর্কতার এ উন্নয়ন দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের পারস্পরিক যোগাযোগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি।