আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে।
শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ড. মাহদী আমিন বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক সহযোগিতার নতুন পর্যায়ে নেওয়ার আগ্রহও প্রকাশ করেছে ওয়াশিংটন।
তিনি জানান, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস খাতের বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়েছে।
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ লক্ষ্যে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ড. মাহদী আমিন আরও বলেন, আমদানি ও রপ্তানি কার্যক্রম গতিশীল করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ২৪ ঘণ্টা সেবা চালুর বিষয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে শিগগিরই এ ব্যবস্থা চালু করা হবে। এর ফলে পণ্য পরিবহন ও খালাসের সময় কমবে, ব্যবসায়িক ব্যয় হ্রাস পাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে।
এ ছাড়া, একই দিনে দেশের শীর্ষস্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্প উৎপাদন বৃদ্ধি, জ্বালানি সরবরাহ, রপ্তানি সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে অর্থনীতিকে আরও গতিশীল করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।