দেশজুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি

পুলিশি যানবাহনকে লক্ষ্য করে হামলা কিংবা নাশকতা চালাতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা-ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর।

জরুরি বার্তায় বলা হয়েছে, পুলিশের জিপ, পিকআপ, বাসসহ সব ধরনের সরকারি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের গাফিলতি বা শিথিলতা গ্রহণযোগ্য হবে না। দায়িত্ব পালনের সময় যেমন সতর্ক থাকতে হবে, তেমনি ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তাও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, দায়িত্ব পালনকালে প্রয়োজনবোধে কোনো যানবাহন থামাতে হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে।

চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো অবস্থাতেই পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না। প্রতিটি যানবাহন সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের তত্ত্বাবধানে রাখতে হবে। অর্থাৎ নজরদারিবিহীন অবস্থায় কোনো পুলিশি গাড়ি রাখার সুযোগ নেই।

এ ছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড কিংবা নির্ধারিত সরকারি স্থানে রাখা যানবাহনের নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

এসব স্থানে নিয়মিত টহল পরিচালনা, প্রয়োজনীয় নজরদারি বৃদ্ধি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর নির্দেশনাটিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের তা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।