সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন দেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এ বিষয়ে সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনজীরের ইস্যুতে আমি গতকালকেই কথা বলেছি, বিকেলের দিকে। আমি রাজশাহীতে ছিলাম, ওখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিল। আমি তার জামিনের বিষয়ে জানতে পেরেছি গতকালকে। ইউএই আদালতে তাকে শর্তসাপেক্ষে বেইল (জামিন) দেওয়া হয়েছে, যাতে ইউএই ছাড়তে না পারে, দেশ ত্যাগ করতে না পারে এই শর্তে।
তিনি আরও বলেন, তা আমরা বিষয়টা জানার পরে আমাদের নিয়োজিত যে ল ফার্ম আছে, তাদেরকে বিষয়টা জানিয়েছি। আর ইউএই অ্যাম্বাসেডরের সঙ্গে আমাদের সচিব মহোদয় কথা বলেছেন। কি কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, ইউএই না ছাড়ার শর্ত তো একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে, সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আর আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে, তার বিষয়ে রিপ্যাট্রিয়েশনের জন্য যা যা কাগজপত্র আমরা পাঠাই, সেগুলো ওখানে আদালতে সাবমিট করার জন্য সে ল ফার্মকে আমরা অনুরোধ করেছি, যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে, তারা আদালতের ডিরেকশন নেয়।
সরকার তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারপরও কেন জামিন দেওয়া হলো, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের বিষয়ে, বিষয়টা পুরোপুরি না জেনে আমি মন্তব্য দিতে চাই না। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফাইড কপি তুলে কথা বলবে এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়। কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ।