দেশের সব জেলা ও রেঞ্জে বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে—এমন খবর কিছু গণমাধ্যমে প্রকাশিত হলেও বিষয়টিকে ‘গুজব’ বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।
গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাতে দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই খবরে আরও বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সারা দেশে বোমা হামলার আশঙ্কার কথা জানানো হয়। এ কারণে রাতের টহল, মোবাইল ডিউটি ও চেকপোস্টে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাতে বিষয়টি নিয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, বোমা হামলার আশঙ্কায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারির বিষয়টি ‘গুজব’।