রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র সংগ্রহ করলো বিএনপি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষ থেকে মনোনয়ন ফরম দুটি নেওয়া হয়।

বিএনপির পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবীর রিজভী নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে। কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত সময় পাবেন।

নির্বাচনের সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট দেওয়ার কার্যক্রম চলবে।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এসব তথ্য জানিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিস্তারিত তুলে ধরেন।