দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত দুই মাস ১৮ দিনে ভোটার তালিকায় নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন যুক্ত হয়েছেন। এতে স্থানীয় নির্বাচনে দেশে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৫৫৫ জন।

রোববার (৯ আগস্ট) স্থানীয়ভাবে নির্বাচন কার্যালয়গুলোতে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়। একই দিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। এর আগে ১৪ মে প্রকাশিত ভোটার তালিকায় দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।

আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আপাতত এই তালিকা দিয়েই অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে বা কমিশন ভোটার নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে অন্য কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তীতে সম্পূরক তালিকা প্রকাশ করা হবে।

তিনি বলেন, দাবি-আপত্তি নিষ্পত্তির পর আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এখন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন পর্যায়ক্রমে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ বছরের অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা করেছে ইসি।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য খসড়া আচরণবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান ইসি সচিব।

তিনি বলেন, আইন সংশোধনের সুপারিশ এখনও পাঠানো হয়নি। সংশ্লিষ্ট নথি প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষ হলে সেটিও আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এ দিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। রোববার বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বা প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।রাজনৈতিক বিশ্লেষণ

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সুযোগ ১৮ আগস্ট এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।