বাংলাদেশে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা!

আফগানিস্তানে আল-কায়েদার অবস্থান ও কার্যক্রম পরিচালনার সক্ষমতায় এখনো বড় কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সংগঠনটির ভারতীয় উপমহাদেশীয় শাখা ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (একিউআইএস) আগের তুলনায় আরও সংগঠিত হয়ে আঞ্চলিক পর্যায়ে কার্যক্রম বিস্তারের চেষ্টা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, একিউআইএস একসময় খণ্ডিত একটি গোষ্ঠী হিসেবে থাকলেও ধীরে ধীরে আঞ্চলিক সংগঠনের রূপ নিয়েছে। সংগঠনটি বড় ধরনের ইউনিট গড়ে তোলার পরিবর্তে ছোট ও বিচ্ছিন্ন সেল তৈরির কৌশল অনুসরণ করছে। পাশাপাশি রসদ সরবরাহের ব্যবস্থা জোরদার এবং আর্থিক নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা চালাচ্ছে তারা।

বাংলাদেশেও একিউআইএসের সেল প্রতিষ্ঠার চেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের ‘অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম’-এর একটি প্রতিবেদনে এ আশঙ্কার কথা উঠে এসেছে।

গত ১০ আগস্ট প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সদস্য রাষ্ট্রগুলোর দেওয়া মূল্যায়নের ভিত্তিতে প্রস্তুত করা ওই প্রতিবেদনে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ৯ জুন পর্যন্ত আল-কায়েদা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কার্যক্রম ও সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।

প্রতিবেদনে একিউআইএসের কর্মকাণ্ডের উদাহরণ হিসেবে দিল্লির লাল কেল্লায় সংঘটিত হামলার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। গত বছরের নভেম্বর মাসে ওই হামলা হয় এবং এর জন্য আনুষ্ঠানিকভাবে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখাটিকে দায়ী করা হয়েছিল।