দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটকে ফ্যাসিবাদী সরকারের অব্যবস্থাপনার ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নানা বাধা পেরিয়ে রাষ্ট্র মেরামতের কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে সরকার কোনো কাজ করবে না। রাজপথে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
কৃষকদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সামর্থ্য অনুযায়ী কৃষকদের পাশে দাঁড়ানো হবে। কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
নারী শিক্ষার বিষয়ে তিনি বলেন, নারী সমাজকে এগিয়ে নিতে স্নাতক পর্যন্ত নারী শিক্ষা বিনা মূল্যে করা হবে। ভালো ফলাফল করা ছাত্রীদের উপবৃত্তি দেওয়া হবে। পাশাপাশি সারা দেশে দরিদ্র ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। যে কাজ করলে মানুষের উপকার হবে, সরকার সে কাজই করতে চায়।