মহাসড়কে চালু হলো ‘অটো ফাইন’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করার ব্যবস্থা চালু হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে স্থাপন করা ৪৯০টি ক্যামেরার মাধ্যমে গতি সীমা লঙ্ঘন, উল্টো পথে চলাচল, ভুলভাবে ওভারটেকিংসহ বিভিন্ন ট্রাফিক অপরাধ শনাক্ত করে ‘অটো ফাইন’ করা হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে আরও শৃঙ্খলাবদ্ধ করতে ৪৯০টি ক্যামেরা ও অটো ফাইন সিস্টেম স্থাপন করা হয়েছে। নির্ধারিত গতিসীমা অতিক্রম, ট্রাফিক আইন ভঙ্গ, উল্টো পথে চলাচল, ভুলভাবে ওভারটেকিং কিংবা সড়কের সাইন-সিগন্যাল অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করা হবে।

তিনি জানান, জরিমানার তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিআরটিএর কাছে পাঠানো হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে বার্তা পাঠানো হবে। পরে মোবাইল বা সংশ্লিষ্ট সিস্টেম ব্যবহার করে জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।

একই গাড়ি বারবার আইন লঙ্ঘন করলে নিবন্ধন বাতিল করা হবে কি না, সে বিষয়ে বিআরটিএর বিদ্যমান আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের এডিশনাল আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে।