নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ১৪টি বাস দিয়ে শুরু হওয়া এই সেবা ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার মোট ১৪টি রুটে চলবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বাড়ানো হবে। পর্যায়ক্রমে নতুন রুটে বাস চালুর পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ানো হবে। একই সঙ্গে নারীদের বর্তমান যাতায়াত পরিবেশও আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।
বিআরটিসি জানিয়েছে, ঢাকার ১০টি রুটে ১০টি, চট্টগ্রামের দুটি রুটে দুটি এবং বগুড়ার দুটি রুটে দুটি বাস চলবে। ঢাকার বাসগুলোর মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস।
নারীদের জন্য বাসে ওঠার আগে অপেক্ষার সময়, বাসে ওঠা-নামা এবং পুরো যাত্রাপথ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, শুধু সেবা চালু করলেই হবে না, এটি যেন কয়েক মাস পর বন্ধ হয়ে না যায়, সেটিও নিশ্চিত করতে হবে।
মন্ত্রী জানান, ২০০টি ই-বাসের মধ্যে ১০০টি বিভিন্ন রুটে নারীদের জন্য বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে নারী বাসসেবার রুট ও বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
বর্তমানে ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও বগুড়ায় এই সেবা চালু হচ্ছে। ঢাকার রুটগুলোর মধ্যে রয়েছে নতুন বাজার (কোকা-কোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর ১০-মতিঝিল, মিরপুর-মতিঝিল, মিরপুর ১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল, আবদুল্লাহপুর-মতিঝিল ও গাজীপুর-এবিআর।
এ ছাড়া নারায়ণগঞ্জ-ঢাকা, বগুড়ার শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটেও নারীদের জন্য বিশেষ বাস চলবে।
মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। রাষ্ট্র ও পরিবারের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই নারীদের সক্ষমতা কাজে লাগাতে নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াতব্যবস্থা নিশ্চিত করা জরুরি।