সৌদি-পাকিস্তান-তুরস্ক জোটে যোগ দিতে ইতিবাচক ঢাকা

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না, সেই সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখছে ঢাকা। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, আঞ্চলিক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ ধরনের উদ্যোগে যুক্ত হওয়ার সম্ভাবনা যাচাই করবে বাংলাদেশ। দেশের স্বার্থই থাকবে যেকোনো সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ফার্স্ট নীতির আওতায় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে ঢাকা। ফলে কোনো আন্তর্জাতিক জোট কিংবা সহযোগিতামূলক কাঠামোর সঙ্গে যুক্ত হওয়ার আগে জাতীয় স্বার্থের পাশাপাশি আঞ্চলিক বাস্তবতা ও বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন বিবেচনায় নেওয়া হবে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার এই কাঠামোতে বাংলাদেশের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে এমন মন্তব্য এমন এক সময়ে এলো, যখন পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে আঞ্চলিক সহযোগিতার নতুন সমীকরণ তৈরি হচ্ছে।

এদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কও ধীরে ধীরে আরও জোরদার হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার ভাষ্য, স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সৌদি আরবের সঙ্গেও সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান হুমায়ুন কবির। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন। সম্ভাব্য এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।