পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সারা দেশে পাঁচ লাখ গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।
রোববার (২৩ আগস্ট) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সোলিম খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আব্দুস ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির এবং ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধান অতিথি বলেন, সবুজ বাংলাদেশ গড়তে এ্যাবের পাঁচ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর সময়েই পরিবেশ ও প্রতিবেশব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। খাদ্য উৎপাদন বাড়াতে তিনি খাল খননের পাশাপাশি বৃক্ষরোপণেও গুরুত্ব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। পরিবেশ রক্ষায় সবাইকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাবের সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। উদ্বোধনী আলোচনা সভা শেষে বারি প্রাঙ্গণে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষি ও পরিবেশের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি হাজার হাজার কিলোমিটার খাল খনন করে কৃষির জন্য পানির ব্যবস্থা করেছিলেন এবং মানুষকে কৃষিকাজে উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর লক্ষ্য ছিল দেশের কোনো জমি যেন অনাবাদি না থাকে। তাঁর সময়েই বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বনির্ভরতার পথে এগিয়ে যায়।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশ খাদ্য রপ্তানিকারক দেশ হিসেবে আরও এগিয়ে যাবে।
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নানা কারণে দেশে বন উজাড় হচ্ছে। এ পরিস্থিতিতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে পানির প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ ও কৃষির উন্নয়নে মানুষকে সম্পৃক্ত করেছিলেন। তাঁর সেই উদ্যোগের ধারাবাহিকতায় পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।