তরুণদের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ-ভারতকে একসঙ্গে কাজ করতে হবে: ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে দুই দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের সাধারণ মানুষ চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, ভালো সড়ক ও বিদ্যুৎ চায়। এসব চাহিদা পূরণে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।

সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, রাজনৈতিক ইস্যু থাকলেও সাধারণ মানুষ উন্নয়ন ও শান্তি চায়। পারস্পরিক নির্ভরশীলতাই দুই দেশের জন্য স্থায়ী সমাধান তৈরি করতে পারে। বাংলাদেশ ও ভারত উভয়ই স্বাধীন ও সার্বভৌম দেশ উল্লেখ করে তিনি বলেন, সমতার ভিত্তিতে দুই দেশকে এগিয়ে যেতে হবে।

পোশাক খাতে যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর ভাষায়, ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে যাবে, রাজনীতি তার নিজস্ব পথে চলবে।