কোনো খরচ ছাড়াই ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে নিরাপদ অভিবাসন নিশ্চিত, অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকানো এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও তাঁর বক্তব্যের তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের প্রয়োজনীয় দক্ষতা ও ভাষাগত জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা জরুরি। দক্ষ কর্মীরা বিদেশে গিয়ে ভালো কাজের সুযোগ পাওয়ার পাশাপাশি প্রতারণা ও নানা ধরনের ঝুঁকি থেকেও তুলনামূলকভাবে সুরক্ষিত থাকবেন।
এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। এসব কেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্ব দেন তিনি। ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেই কর্মীদের বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়া উচিত।
সরকারের এই উদ্যোগের লক্ষ্য শুধু বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা নয়, বরং নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করা বলেও জানান তিনি। একই সঙ্গে অবৈধ পথে বিদেশযাত্রা বন্ধে সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন মন্ত্রী।