সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ আজ দেশে ফিরছে। বিমানবন্দরে নিহতদের মরদেহ পেয়ে শেষবারের মতো প্রিয়জনকে দেখার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। পরে প্রশাসনের ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে।
গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। সৌদি কর্তৃপক্ষ আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে প্রথম ধাপে নয়জনের পরিচয় শনাক্ত করে। তাদের মধ্যে সাতজন নওগাঁর আত্রাই উপজেলার, একজন নাটোরের নলডাঙ্গার এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।
পরিচয় শনাক্ত হওয়া আত্রাইয়ের সাতজন হলেন মো. ফরিদ, রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী, সুমন আলী, সোহেল রানা ও আব্দুল জলিল সরকার। এছাড়া নাটোরের রবিউল ইসলাম এবং রাজশাহীর শ্যামল উদ্দিনের পরিচয়ও শনাক্ত হয়েছে।
এদিকে, নিহতদের মধ্যে বাকি সাতজনের ডিএনএ পরীক্ষা এখনো শেষ হয়নি। ফলে তাদের পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহ দেশে ফেরাতে কিছুটা সময় লাগছে। স্বজনেরা দ্রুত তাদের মরদেহ শনাক্ত করে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন, পরিচয় নিশ্চিত হওয়া সাতজনের মরদেহ গ্রহণের জন্য তাদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে শুক্রবার রাতের মধ্যে মরদেহগুলো নিজ নিজ এলাকায় পৌঁছাতে পারে।
দূতাবাস জানিয়েছে, বাকি সাতজনের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের মরদেহও দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। প্রবাসে পরিবারের ভাগ্য বদলের আশায় যাওয়া এসব মানুষের মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।