শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা

বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিনটি সাপের বাচ্চা পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯তলায় সাপগুলো দেখা যায়। ওই তলাতেই শিক্ষামন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিবের দফতর।

এ সময় কিছুক্ষণের জন্য ওই ফ্লোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সাপের বাচ্চা তিনটিকে পিটিয়ে মেরে ফেলেন কর্মচারীরা। তবে সাপগুলো কোন প্রজাতির ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্ত্রণালয়ের প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, সকালে অফিসে প্রবেশের পর করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান তারা। কিছুক্ষণ পর একই এলাকায় আরও একটি সাপের দেখা মেলে। করিডোরে সাপগুলো চলাচল করতে দেখে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে মন্ত্রণালয়ের কর্মচারীরা তিনটি সাপকেই মেরে ফেলেন।

১৯ তলায় কর্মরত এক প্রোগ্রাম কর্মকর্তা বলেন, করিডোরে সাপের ছোটাছুটি দেখে কর্মকর্তা-কর্মচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এত উঁচু ভবনে সাপ কোথা থেকে এলো, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

ওই কর্মকর্তা ধারণা করেন, ভবনের ওপরের কোনো স্টোরেজে সাপ বাসা বেঁধে ডিম পেড়েছিল এবং সেখান থেকেই সাপগুলো বের হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের বলা হয়েছে।

সচিবালয়ের ফায়ার সার্ভিসের সাব অফিসার আনোয়ার পারভেজ বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর আমাদের কেউ দেয়নি। ফলে বিষয়টি সম্পর্কে জানা নেই।