আকস্মিক ভূমি অফিস পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের দুটি ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না থাকা এবং আগেই হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সোমবার (৩১ আগস্ট) সকালে খানপুর এলাকায় নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল কার্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় অফিসগুলোর বিভিন্ন কার্যক্রম, সেবার মান, নথিপত্র সংরক্ষণ ও দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনের সময় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ভূমি প্রতিমন্ত্রী বলেন, জনগণ দেশের প্রকৃত মালিক। তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।

এ সময় ভূমি অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরেন তিনি। কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, অনিয়মের ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।