আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং সুস্থ সমাজ গঠনে সমন্বিত উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদকের বিস্তারের সঙ্গে অপরাধও বাড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সংশ্লিষ্টদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছে। এর নেতিবাচক প্রভাব এখনো সমাজের বিভিন্ন স্তরে রয়েছে। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করাই তাদের মূল দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট দর্শন ধারণ করে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।
পরিবেশ সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। নদী দূষণ, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় সমান গুরুত্ব দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।