মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে দেশের স্বার্থই অগ্রাধিকার: শামা ওবায়েদ

মক্কা প্যাক্টে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে বাংলাদেশ পরিস্থিতি যাচাই-বাছাই করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, এই জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আইপিইউ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২।

শামা ওবায়েদ বলেন, মক্কা প্যাক্টে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ পরিস্থিতি পর্যালোচনা করছে। জোটটিতে যোগ দেওয়ার ক্ষেত্রে দেশের জাতীয় স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশে আবারও সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে। আইপিইউ মহাসচিবের বাংলাদেশ সফর দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের তরুণ সংসদ সদস্যদের ইতিবাচকভাবে দেখছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)।

এদিকে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে সার্জিও গোরের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ওই মন্তব্য আগের কোনো চুক্তিকে কেন্দ্র করে হয়ে থাকতে পারে।