আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চে বাধা এলেও সফল করা হবে কর্মসূচি, এমনটা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় দলীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে কথা বলেন দলটির নেতারা। তখন তারা কর্মসূচি সফল করার কথা জানান।
এ সময় সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনভোগান্তি নিরসন করা ও গণভোটের রায় বাস্তবায়নে এই লংমার্চ কর্মসূচি। এতে অংশ নেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, জনগণের স্বার্থেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, আগামী ৫ সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে সকাল ৭টায় শুরু হবে কর্মসূচি। জনগণের ভোগান্তি যেন না হয় সে কারণে একটি লাইনে গাড়িবহর রওনা করবে। এনসিপির নেতারা জানান, কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের বাধা এলেও লংমার্চ সফলভাবে সম্পন্ন করা হবে।