ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা স্ত্রী নাজমা আরা বেগমও আহত হন। একই ঘটনায় আহত এক পথচারী নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি এক নারী পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে পড়ে যায়।
দুর্ঘটনায় পথচারী ফিরোজা বেগম (৬০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গোপীনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।
প্রতিমন্ত্রীকে প্রথমে কালাইয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে। তার স্ত্রী বর্তমানে সুস্থ রয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান পা, বাম পায়ের সোল্ডার ও বুকে আঘাত লেগেছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।