জ্বালানি সংকটে সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকটে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সময়ে জ্বালানি সংকটই দেশের সবচেয়ে বড় সমস্যা। পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নিয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, স্বৈরাচারী ও অন্তর্বর্তী সরকারের সময়ে তৈরি হওয়া জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কেউ দেশে অরাজকতা সৃষ্টির উদ্যোগ নিলে কঠোরভাবে তা দমন করা হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিএনপি সবসময় প্রকাশ্যে রাজপথের আন্দোলনে ছিল দাবি করে দলটির চেয়ারম্যান বলেন, তারা কখনো গোপনে বা গুপ্তভাবে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেনি। এ সময় তিনি প্রশ্ন তোলেন, গুপ্ত অবস্থানে থাকা কেউ কি দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে? এমন তৎপরতা হলে তারাই কি স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে সে প্রশ্নও রাখেন তিনি।

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে। মানুষের দুর্ভোগ কমাতে সরকারের পাশাপাশি দলের নেতা-কর্মীদেরও দায়িত্বশীলতার সঙ্গে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।