রাজধানীতে বৃষ্টির আভাস, ভ্যাপসা গরমে মিলছে না স্বস্তি

রাজধানী ঢাকায় আজ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরমের অনুভূতি খুব একটা কমবে না। সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও সময়বিশেষে তা অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। এ সময় নদীবন্দরগুলোতে কোনো সংকেত দেখাতেও হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

দেশের আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে গতকাল রাতে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নাও আসতে পারে। ফলে বৃষ্টি নামলেও গরমের অনুভূতি খুব একটা কমবে না।