সারা দেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা

সারা দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বিনামূল্যে বেসিক প্রশিক্ষণের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাসের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ও খাবার ভাতা দেওয়া হবে।

সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ প্রশিক্ষণে দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও নারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে কম্পিউটার ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন।

আগামী ১ অক্টোবর থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীদের ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক ধারণার পাশাপাশি ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর। এর পরদিন ২৭ সেপ্টেম্বর নেওয়া হবে মৌখিক পরীক্ষা। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর।

পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।