রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে মেঘলা আকাশ দেখা দিতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে। আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।