প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ সেপ্টেম্বরের ফেনী সফর স্থগিত করা হয়েছে। ওই দিন জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলা সফরের কথা ছিল তার। নতুন করে আগামী ১ অক্টোবর সফরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম গণমাধ্যমকে সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক বলেন, রোববার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের নির্ধারিত সফর স্থগিতের বিষয়ে জানানো হয়েছে। সফরের নতুন সম্ভাব্য তারিখ হিসেবে ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে এরই মধ্যে পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছিল। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে পথসভাস্থল প্রস্তুতের কাজ চলছিল।

ইতোমধ্যে সভাস্থল, মঞ্চ ও উদ্বোধনী ফলক স্থাপনের নির্ধারিত স্থান মাটি ফেলে উঁচু করা হয়েছে।

এ ছাড়া ১৭ সেপ্টেম্বর ফুলগাজীতে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর।