শিল্পকারখানায় মঙ্গলবার থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের শিল্প-কলকারখানায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকেই আগের মতো বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী দীর্ঘ ৩ ঘণ্টা বৈঠক করেন; সেখানে এ আশ্বাস মেলে বলে বৈঠক পরে সাংবাদিকদের জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে। এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের সেই অবস্থায় ফিরে যেতে পারব।

তিনি আরও বলেন, এইটা আমাদের মনে হয় যে আজকের এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।

আগের অবস্থায় ফিরে যাওয়া বলতে কী বোঝানো হয়েছে তার উত্তর স্পষ্ট হয়নি ব্রিফিংয়ে।

এ নিয়ে প্রশ্ন করলেও সেখানে সঠিক উত্তর মেলেনি। ব্রিফিং পরে এ নিয়ে ফজলুল হককে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগস্ট মাসে যে সংকট ঘনীভূত হয়েছে, তার আগের অবস্থায়।