কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তদারকিতে চালু হলো ‘ভূমি দৃষ্টি’

ভূমি সেবাকে আরও জনবান্ধব, গতিশীল ও স্বচ্ছ করতে এবং কর্মকর্তা-কর্মচারীদের সময়ে উপস্থিতি তদারকিতে ‘ভূমি দৃষ্টি’ নামে একটি নতুন অ্যাপ চালু করেছে ভূমি মন্ত্রণালয়। ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে কর্মকর্তাদের নিয়মিত পর্যবেক্ষণ ও জবাবদিহি নিশ্চিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নতুন এই অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য ভূমি সেবাকে সাধারণ মানুষের একদম দোরগোড়ায় পৌঁছে দেওয়া। কাজের স্বচ্ছতা, দক্ষতা ও সততার মাধ্যমেই এই মন্ত্রণালয়কে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। মন্ত্রণালয়ের সাবেক দায়িত্বপ্রাপ্তদের দুর্নীতির বিষয়টি বর্তমানে দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি উল্লেখ করেন, সরকারের অনলাইন ভূমি সেবার সুবিধাগুলো—যেমন ই-নামজারি, খতিয়ান বা অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া সম্পর্কে জনগণকে আরও সচেতন করা প্রয়োজন।

তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে বলেন, দুই-একজন অসাধু কর্মীর অপকর্মের দায় যেন পুরো দপ্তর না পায়, সে বিষয়ে সবাইকে সচেষ্ট হতে হবে।

প্রাথমিক প্রশাসনিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আপাতত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম—এই ৬টি জেলায় পরীক্ষামূলকভাবে (পাইলটিং) ‘ভূমি দৃষ্টি’ অ্যাপটির ব্যবহার শুরু হয়েছে। এখানকার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে পরবর্তীতে সারাদেশের সব জেলাতেই কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল উপস্থিতি ও তদারকি ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।