শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

টয়লেটের ট্যাংক থেকে ৪ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪ দশমিক ২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে কাস্টমস গোয়েন্দারা কাস্টমস হলের ১ নম্বর বেল্টের পাশের শৌচাগার থেকে এগুলো জব্দ করেন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোয়েন্দারা টয়লেটের কমোডের ট্যাংকের ভেতর পলিথিন মোড়ানো আটটি ডিম্বাকৃতির প্যাকেট খুঁজে পান। উদ্ধার করা পদার্থগুলোর প্রাথমিক আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

ঘটনার সময় কাস্টমস হলে কোনো দাবিদার না থাকায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্যাকেটগুলো কাস্টমস ইনভেন্টরি টেবিলে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, উদ্ধারকৃত সামগ্রীগুলো বিশেষ কৌশলে প্রস্তুতকৃত স্বর্ণের পেস্ট।

সোনার বিশুদ্ধতা পরীক্ষা ও মূল দ্রব্য থেকে স্বর্ণ আলাদা করার জন্য নিবন্ধিত স্বর্ণকারদের মাধ্যমে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পরীক্ষা শেষে চোরাচালানকৃত এই সোনার নিখুঁত ওজন ও বাজারমূল্য নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এদিকে, বিমানবন্দরে এত বিপুল পরিমাণের স্বর্ণের পেস্ট ফেলে রেখে পালানো চোরাচালানকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের খুঁজে বের করার কাজ চলছে।