‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, মরিয়মের মৃত্যুর তদন্ত সরকারের দায়িত্ব’

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় কোনো বক্তব্য নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজী নজরুল বর্তমানে জামায়াতের সঙ্গে যুক্ত নন। ফলে ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং এর তদন্তের দায়িত্ব সরকারের।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদেরও ডাকা হয়েছে।

মরিয়মের মৃত্যুর বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি ব্যক্তিগত হওয়ায় এ নিয়ে দলটির কোনো বক্তব্য দেওয়ার নেই। গাজী নজরুল এখন জামায়াতের কেউ নন উল্লেখ করে তিনি বলেন, কোনো ব্যক্তিগত অপরাধ বা মৃত্যুর ঘটনা তদন্তের দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়। পরে তিনি ওই তরুণীকে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন হিসেবে পরিচয় দেন বলে বিভিন্ন প্রতিবেদনে আসে।

এ ঘটনার পর গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠায় দলটি।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো বিষয় ছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।