রাজধানীর গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) আয়োজিত হয়েছে ১১তম আয়ুর্বেদ দিবস। বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশন ও আইজিসিসির যৌথ প্রয়াসে আয়োজনটি ছিল তথ্যবহুল আলোচনা, কর্মশালা ও সাংস্কৃতিক পরিবেশনায় সমৃদ্ধ।
অনুষ্ঠানের মূল আলোকপাত ছিল প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, জীবনধারা-ভিত্তিক চিকিৎসা এবং টেকসই স্বাস্থ্য অনুশীলনের ওপর। এতে হামদর্দ বিশ্ববিদ্যালয় ও নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের প্রখ্যাত বিশেষজ্ঞরা কর্মশালা পরিচালনা করেন।
আইজিসিসির পরিচালক অ্যান মেরি জর্জের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ আগামীর জন্য আয়ুর্বেদ’ তুলে ধরা হয়। পরবর্তীতে শিল্পী শাহিন সোবহানা সুরভীর পশমের ‘গণপতি ট্যাপেস্ট্রি’ প্রদর্শনী উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সামগ্রিক জনস্বাস্থ্য ও ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ দু'দেশের মধ্যকার শিক্ষা, পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করে।
সাংস্কৃতিক পর্বে প্রখ্যাত সংগীতশিল্পী রঞ্জন চন্দ্র সরকারের মনোজ্ঞ বাংলা খেয়াল ও শাস্ত্রীয় সংগীত পরিবেশন শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিল্পীদের মাঝে সনদ ও সম্মাননা বিতরণ করা হয়।
ইভেন্টটিতে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, হামদর্দ বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় আয়ুর্বেদিক প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: ভারতীয় হাইকমিশন, ঢাকা।