মেধাবীদের দেশে ফিরিয়ে বিনিয়োগ বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের মেধা পাচার রোধে বিদেশে উচ্চশিক্ষা নেওয়া মেধাবীদের দেশে ফিরিয়ে আনতে আরও বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ‘ঢাকা-চায়না ডে’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়া অনেক শিক্ষার্থী ও মেধাবী তরুণ পরে আর দেশে ফিরে আসেন না। এই মেধাবীদের কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় এবং দেশের উন্নয়নে তাদের দক্ষতা কাজে লাগানো যায়, সে বিষয়ে সরকার কাজ করছে।

তিনি জানান, চীনের সহযোগিতায় বাংলাদেশে কয়েকটি রেপ্লিকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি একটি মেরিটাইম বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

বাংলাদেশকে একটি আধুনিক শিক্ষা হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী। দেশের শিক্ষা অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ তৈরির মাধ্যমে মেধাবীদের দেশে ধরে রাখার পরিবেশ তৈরি করা হবে বলে তিনি উল্লেখ করেন।