প্রধানমন্ত্রী তারেক রহমান

বিনিয়োগকারীদের সব ধরণের সুরক্ষা দেবে বাংলাদেশ

আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে বিনিয়োগবান্ধব ও আস্থাশীল পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নিউইয়র্কে জেপি মর্গানের সদর দফতরে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ প্রাতরাশ বৈঠকে তিনি এ বার্তা দেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে গিয়ে ম্যানহাটনে আয়োজিত এই বৈঠকে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করতে সঠিক পরিবেশ ও স্থিতিশীলতা প্রয়োজন। তিনি জানান, দেশের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নিতে অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল সেবা ও চিকিৎসাসহ প্রধান খাতগুলোতে বিশাল সুযোগ তৈরি করা হয়েছে।

সরকারের মূল লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের শক্তিশালী অর্থনীতিতে রূপান্তর করা। এই উদ্দেশ্যে নিয়মকানুন সহজীকরণ, কর কাঠামোর আধুনিকায়ন এবং মুনাফা সহজে নিজ দেশে ফেরত নেওয়ার সুবিধা নিশ্চিত করতে কার্যকর সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি উপস্থিত ছিলেন, যারা বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা দেবেন।