অস্ট্রেলীয় সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল ক্রিস স্মিথের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সেনাসদরে এসে পৌঁছান। সফরকালে তারা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তা পারস্পরিক কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। আলোচনার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন আরও প্রগাঢ় করা।
সামরিক খাতের উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। দ্বিপক্ষীয় এই আলোচনা আগামীতে প্রতিরক্ষা সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।