মদিনা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওমরাহ যাত্রীদের জমজমের পানি সময়মতো সরবরাহ না করার ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বে চরম অবহেলার প্রমাণ পাওয়ায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। অভিযুক্ত বিমান কর্মকর্তারা হলেন—ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন।
বিমান কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকাগামী বিজি ৩৩৮ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। তবে বিমান থেকে পানিভর্তি কনটেইনার অফলোডিং এবং পরিচালনগত অব্যবস্থাপনার কারণে নির্দিষ্ট সময়ে ব্যাগেজ বেল্টে জমজমের পানি পৌঁছানো সম্ভব হয়নি। এর ফলে দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করতে হয় যাত্রীদের।
এদিকে বিষয়টি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের নজরে আসার সঙ্গে সঙ্গেই ক্ষোভ প্রকাশ করা হয় এবং দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। মন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ।
যাত্রীদের চরম ভোগান্তি কমাতে তাৎক্ষণিকভাবে বিমান নিজেদের সংরক্ষিত বিকল্প ভাণ্ডার থেকে যাত্রীদের হাতে জমজমের পানি তুলে দেয়। এর কিছুক্ষণ পর আটকে থাকা মূল কনটেইনারটি উদ্ধার করে সব যাত্রীর মাঝে পানি সরবরাহ নিশ্চিত করা হয়।