হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৪২ শিশুর শরীরে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই বিভাগে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারা দেশে ১ লাখ ৯৪ হাজার ৮৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৬২৩ শিশুর।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭২ হাজার ২১ শিশু। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিশু।