যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকারে কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দিতে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। অতীতের অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে উল্লেখ করে দূতাবাস জানিয়েছে, সাক্ষাৎকারে অসত্য তথ্য দিলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।
সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের উদ্দেশে বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা সাক্ষাৎকার গ্রহণের সময় আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে আগে থেকেই অবগত থাকেন।
দূতাবাস জোর দিয়ে বলেছে, সাক্ষাৎকারের সময় কোনো তথ্য গোপন না করে এবং বিভ্রান্তিকর তথ্য না দিয়ে শতভাগ সত্য কথা বলা উচিত।
কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে তার ভিসা আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞাও জারি হতে পারে।