বিসিআইসি'র চেয়ারম্যান পদে বাবুল মিঞার যোগদান

সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। গত ১ অক্টোবর তিনি বিসিআইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন।

মো. বাবুল মিঞা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দেন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

কেন্দ্রীয় প্রশাসনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন মো. বাবুল মিঞা। জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিসিআইসিতে চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে মো. বাবুল মিঞা পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। বিসিআইসি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। দেশের রাসায়নিক ও সারশিল্পসহ সংশ্লিষ্ট শিল্প খাতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।