বহর সম্প্রসারণের অংশ হিসেবে ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কিনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হবে।
চুক্তির আওতায় রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থায় যুক্ত হচ্ছে চারটি সর্বাধুনিক এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ। ২০৩৩ সাল থেকে শুরু হয়ে ২০৩৬ বা ২০৩৭ সালের মধ্যে এই বিমানগুলোর সরবরাহ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করবেন এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইউর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
দূরপাল্লার রুটের জন্য চারটি এ৩৫০-০০ এবং আঞ্চলিক রুটের জন্য ছয়টি এ৩২১নিও বিমানগুলো ব্যবহার করা হবে। এর আগে ২৫টি বোয়িং কেনার পরিকল্পনা নেওয়া হলেও, এয়ারবাস যুক্ত হওয়ার ফলে বিমানের বহরে এক নতুন বৈচিত্র্য আসবে।
নতুন এই বিমানগুলো আগামী এক দশকে যাত্রী পরিবহনের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে। সরবরাহ শুরু হওয়ার আগের মধ্যবর্তী সময়েও ফ্লাইট সংখ্যা ঠিক রাখতে বিমান লিজ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।