কক্সবাজার-কুতুবদিয়ায় ৯ দিন বিমানবাহিনীর প্রশিক্ষণ মহড়া

কক্সবাজার ও কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ এলাকায় তাজা গোলাবর্ষণের প্রশিক্ষণ মহড়া চালাবে বাংলাদেশ বিমানবাহিনী। আগামী ১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিমানবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন ধরনের যুদ্ধবিমান দিয়ে কুতুবদিয়া ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জের আকাশসীমায় তাজা গোলাবর্ষণ করা হবে।

প্রশিক্ষণ চলাকালে নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট সবাইকে ওই দুই ফায়ারিং রেঞ্জ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে বিমানবাহিনী। বিশেষ করে ওই এলাকার আকাশপথে চলাচলকারী বিমান, সমুদ্রপথের জাহাজ ও ছোট নৌযান এবং কুতুবদিয়া দ্বীপসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

বিমানবাহিনী জানিয়েছে, সংশ্লিষ্টদের নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে ফায়ারিং রেঞ্জের আওতাভুক্ত এলাকা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।