বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সরকারের পাশে থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে শহীদ টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ায় স্মরণসভা ও আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন।
জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি, রাজশাহী বিভাগের উদ্যোগে সংগঠনের রাজশাহী বিভাগের সভাপতি উজ্জ্বল হোসেন জোবায়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শামসুল হক ফকির।
প্রধান অতিথি জুলাই আন্দোলনের সব যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।
বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবর রহমান হারেজ, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ, জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি গোলাম রহমান, ‘আমরা জুলাই যোদ্ধা’র কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধানসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে প্রধান বক্তা ইশরাক হোসেন জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।