রিয়াদ বিমানবন্দ‌রে হামলা, নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগ‌রি‌কের প‌রিচয় জা‌নি‌য়ে‌ছে প্রবাসী কল‌্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 

তারা হলেন- বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামের বাসিন্দা মো. শাহেদ আহম্মেদ। তার বাবা মো. রফিকুল ইসলাম এবং মা মোছা. শাহেরা বেগম।

এবং অপর নিহত নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তার বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মা জাহানারা বেগম।

রোববার (১১ অক্টোবর) প্রবাসী কল‌্যাণ মন্ত্রণালয় জানায়, গতকাল বিকাল আনুমানিক ৩টা ২০ মি‌নি‌টে রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর উপর একটি ক্ষেপনাস্ত্র এসে পড়ে। সেই দুর্ঘটনায় দুজন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেন।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন। এ ঘটনায় তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।